স্পোর্টস ডেস্ক
চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেই শুধু পয়েন্ট খুইয়েছিল লিভারপুল। ওল্ড ট্র্যাফোর্ডে সে ম্যাচে মার্কাস রাশফোর্ডের গোলেই এগিয়ে গিয়েছিল স্বাগতিক ইউনাইটেড। অথচ আগামীকাল রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলের মাঠে চোটের কারণে সেই রাশফোর্ডকেই না পাওয়ার শঙ্কা কোচ ওলে গুনার সোলসারের।
ম্যানচেস্টার ইউনাইটেডে রাশফোর্ডের ভূমিকা কত গুরুত্বপূর্ণ তা বোঝা যায় শীর্ষ দলগুলোর সঙ্গে তার ও দলের পারফরম্যান্সে। চলতি মৌসুমে ছোটো দলের বিপক্ষে খাবি খেলেও রেড ডেভিলরা বড়োদের সামনে বরাবরই কঠিন প্রতিপক্ষ। এ পর্যন্ত চেলসি, লেস্টার সিটি, লিভারপুল, টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে সম্ভাব্য ১৫ পয়েন্টের ১৩টিই তুলে নিয়েছে কোচ ওলে গুনার সোলসারের শিষ্যরা। এসব ম্যাচে ইউনাইটেড করেছে ১০ গোল যার সাতটিই রাশফোর্ডের। এমন গুরুত্বপূর্ণ ফরোয়ার্ডকে লিগের শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে পাবে কি না তা নিয়েও রয়েছে বিস্তর শঙ্কা। পিঠের ইনজুরিতে ভোগা এই ফরোয়ার্ডকে গত বুধবার রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামান সোলসার। আর তাতেই বাধে বিপত্তি। আবারও একই জায়গায় চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি, শঙ্কা সৃষ্টি হয়েছে লিভারপুল ম্যাচের খেলা নিয়েও।
কোচ সোলসার জানালেন খেলোয়াড়টির চোট থেকে সেরে ওঠার গতিতে আশ্বস্ত নন তিনি। ইউনাইটেড কোচের ভাষ্য:‘আজ সকালে তাকে আমি দেখিনি। তবে আমি তার ফেরার জন্যে শ্বাস রোধ করে বসে থাকব না। ম্যাচের জন্যে তাকে পাব না এমনটাই ধরে নিতে হবে আমাকে। তবে ৪৮ ঘণ্টারও কিছু বেশি সময় বাকি, তাই আমাদের অপেক্ষা করতে হবে।’
এদিকে এ ম্যাচ দিয়েই অধিনায়কত্ব পেতে যাচ্ছেন এ মৌসুমেই দলটিতে আসা হ্যারি ম্যাগুইয়ার। অধিনায়ক অ্যাশলে ইয়ংয়ের ইন্টারমিলান যাত্রা অনেকটা নিশ্চিত হওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
এদিকে লিভারপুল ইউনাইটেডের বিপক্ষেও জয়ের ধারাটা ধরে রাখতে চায়। ফরোয়ার্ড মোহামেদ সালাহ বলেন, ‘ম্যাচটা জিততে হবে আমাদের। গেল বছরে, চলতি প্রিমিয়ার লিগের শুরু থেকেই যেভাবে খেলছি আমরা; সে খেলাটা ধরে রাখতে হবে। এটা এমন এক ম্যাচ যেখানে জিততেই হবে। অবশ্যই আমরা জানি এটা সমর্থক, আমাদের শহর ও আমাদের জন্যে কত বড়ো জয়। কিন্তু দিনশেষে আপনি জেতার জন্যেই খেলেন।’
গুরুত্বপূর্ণ খেলাটির আগে আজ রাতে প্রিমিয়ার লিগে খেলা আছে ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল ও টটেনহ্যামের। শিরোপাধারী সিটি ও আর্সেনাল নিজেদের মাঠে যথাক্রমে ক্রিস্টাল প্যালেস ও শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে। অপরদিকে টটেনহ্যাম ও চেলসি যথাক্রমে ওয়াটফোর্ড ও নিউক্যাসলের আতিথ্য নেবে।
