এক টেস্ট নিষিদ্ধ রাবাদা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:০৮

স্পোর্টস ডেস্ক

এক টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ক্যাগিসো রাবাদা। আইসিসির এই নিষেধাজ্ঞার ফলে তিনি আগামী সপ্তাহে জোহানেসবার্গে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট খেলতে পারবেন না।

২৪ বছর বয়সি এই তারকা চলমান পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন ইংলিশ ব্যাটসম্যান জো রুটকে আউট করার পর ফেরার পথ ফিরিয়ে দেন। এর ফলে, তিনি একটি ডিমেরিট পয়েন্ট পান। আগেও তিনি তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন।

২৪ মাসের মধ্যে চার ডি মেরিট পাওয়ার অর্থ হলো, তিনি হয় একটি টেস্ট কিংবা দুটি করে ওয়ানডে বা টি-টোয়েন্টির জন্য নিষিদ্ধ হবেন। আইসিসি তাকে এক টেস্টের জন্য নিষিদ্ধ করেছে।

এখানেই শেষ নয়, রাবাদার ম্যাচ ফি’র ১৫ শতাংশও কেটে রাখা হয়েছে। আর এর বিরুদ্ধে কোনো আপিল করারও সুযোগ নেই তার। আইসিসি এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, প্রোটিয়া এই পেসার আইসিসির আচরণবিধির আর্টিকের ২.৫ ধারাটি ভঙ্গ করেছেন। রাবাদা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

রাবাদার অবশ্য এটাই প্রথম নিষেধাজ্ঞার নজির নয়। এর আগে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা দলের ইংল্যান্ড সফরেও নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।