স্পোর্টস রিপোর্টার
ভারতের চলমান চার দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ‘এ’ দলকে তারা প্রথম ম্যাচে হারিয়েছে ৫ উইকেটে। আজ দ্বিতীয় ম্যাচে ভারতের ‘বি’ দলের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দল।
পাটনায় প্রথম ম্যাচে আগে ব্যাট করে ভারত ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৯৬ রান করেছিল। ভারতের মেহতা ২৯ ও ফুলমালি অপরাজিত ২০ রান করেছিলেন। বাংলাদেশের হয়ে ফাহিমা ৭ রানে ২ উইকেট নেন। এ ছাড়া জাহানারা ও নাহিয়া ১টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে নিগার সুলতানার ব্যাটে সহজ জয় পায় বাংলাদেশ। এক ওভার হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। নিগার অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন। এ ছাড়া ফারজানা ২৪ ও মুর্শিদা ২০ রান করেন। ভারতের প্রধান ১১ রানে ২ উইকেট তুলে নেন।
আজ ভারতের ‘বি’ দলের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। আর ২০ জানুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে খেলবে সালমা খাতুনের দল। ২২ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল।
