সেবা প্রদানকারী ও গ্রহীতাদের মধ্যে চাই আন্তরিকতা —পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:১৫

ইত্তেফাক রিপোর্ট

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতাদের মধ্যে আন্তরিকতা প্রয়োজন। এতে সেবার মান ভালো হয়। বাংলাদেশে ডিজিটাল সেবা চালু হওয়ায় সেবার মান ভালো হচ্ছে। এতে সময় ও অর্থের সাশ্রয়ের পাশাপাশি হয়রানিও কমছে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা উপলক্ষ্যে আয়োজিত ‘উদ্ভাবক ও উদ্যোক্তা:ভবিষ্যত্ বাংলাদেশের চালিকা শক্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বাংলাদেশে বিনিয়োগ, রপ্তানি বৃদ্ধি ও রপ্তানি বহুমুখীকরণ এবং বাংলাদেশের জনবলের বিদেশে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে অর্থনৈতিক কূটনীতি ও পাবলিক ডিপলোমেসির বিষয়ে সরকার খুবই গুরুত্ব দিচ্ছে। আগামী দুই বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উত্সবে বাংলাদেশের অভাবনীয় সাফল্য বিদেশে ৭৭টি মিশনের মাধ্যমে সারা বিশ্বে তুলে ধরা হবে। আমরা দারিদ্র্যক্লিষ্ট অর্থনীতির হিসেবে বাংলাদেশের ব্র্যান্ডিং আমরা পরিবর্তন করতে চাই।

তিনি বলেন, বাংলাদেশের ১ কোটি ২২ লাখ লোক বিদেশে কাজ করে। যাদের অধিকাংশই অদক্ষ। বিদেশে দক্ষ জনবল পাঠাতে পারলে রেমিট্যান্স বাড়বে। তিনি বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীদের সেবার মান বৃদ্ধিতে দূতাবাস অ্যাপস চালু করা হয়েছে। এতে ৩৪ ধরনের সেবা খুব সহজে পাওয়া যাচ্ছে। তিনি বলেন, সিলেট বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি; সেখানে ৩৩৩ নম্বরে ফোন করে ৫২ ধরনের সেবা পাওয়া যাচ্ছে।