শেকৃবি সংবাদদাতা
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০। তিন দিনব্যাপী মেলার আজ শেষ দিন। মেলায় দেশে প্রথমবারের মত ৫জি প্রযুক্তির অভিজ্ঞতা লাভের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। ৫জি প্রযুক্তির এ সুযোগ করে দিয়েছে মেলার টাইটেনিয়াম সহযোগী হুয়াওয়ে।
দর্শনার্থীরা হুয়াওয়ের প্যাভিলিয়নে সরাসরি ৫জি স্পিড ও লো-ল্যাটেন্সি অভিজ্ঞতা নিচ্ছেন। ৫জি প্রযুক্তির মাধ্যমে ভিআর স্কেটিং গেমের ব্যবস্থাও রাখা হয়েছে হুয়াওয়ের প্যাভিলিয়নে। মেলায় আকর্ষণ হিসেবে আনা হয়েছে বিশেষ একটি রোবট, যাকে হাতের ইশারায় পরিচালনা করে খেলা যাচ্ছে ফুটবল। ৫জি প্রযুক্তিতে কত দ্রুত হিউম্যান টু মেশিন কিংবা মেশিন টু মেশিন কমিউনিকেশন সম্ভব তা তুলে ধরা হয়েছে। রয়েছে হুয়াওয়ের ৫জি স্মার্টফোনেরও অভিজ্ঞতা নেওয়ার সুযোগ।
মেলায় অংশ নিয়েছে দেশি ও বিদেশি ৮২টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান। ২৮টি প্যাভিলিয়ন, ২৯টি মিনি প্যাভিলিয়ন ও ২৫টি স্টলে নিজেদের প্রযুক্তি প্রদর্শন করছে প্রতিষ্ঠানগুলো। নিজেদের নেটওয়ার্কের সুবিধা এবং বিভিন্ন প্যাকেজ নিয়ে দর্শকদের জানাচ্ছেন এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
www.digitalbangladeshmela.org.bd ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করলে বিনামূল্যে মেলা দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। এছাড়া মেলার প্রবেশমুখেও রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে। যাওয়া-আসার সুবিধার্থে দর্শনার্থীদের জন্য রয়েছে শাটল বাস সার্ভিস। ঢাকার উত্তরা, মালিবাগ, মতিঝিল, আজিমপুর ও মিরপুর থেকে সকাল ১০টা ও দুপুর ১টায় বাসগুলো মেলার উদ্দেশ্যে ছাড়ে। মেলা শেষে দর্শনার্থীদের নিয়ে রাত ৮টায় বাসগুলো আবার ফিরতি রুটে চলাচল করে।
