ইত্তেফাক ডেস্ক
ব্রিটিশ রাজপরিবারে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের ভবিষ্যত্ ভূমিকা কি হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু এরই মধ্যে ব্রিটেনের ফ্রগমোর কটেজে হ্যারি ও তার স্ত্রী মেগানের নিয়োগ করা স্টাফদের ভিন্ন কাজে মোতায়েন করা হয়েছে। এই রাজ দম্পতির খুব কাছের সূত্র সিএনএনকে এই তথ্য জানিয়েছে। গতকাল ব্রিটেনের কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হ্যারি ও মেগান কানাডায় স্থায়ী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এক্ষেত্রে স্টাফদেরও তাদের সঙ্গে যাওয়ার সুযোগ দিতে চান। এই খবর সামনে আসার পর সিএনএনকে ঐ সূত্র জানায়, রাজপরিবারের ভূ-সম্পত্তিতে নিযুক্ত স্টাফদের প্রায়ই এক কাজ থেকে সরিয়ে অন্য কাজে মোতায়েন করা হয়। আর কোনো স্টাফকে কানাডায় যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
এদিকে বলা হচ্ছিল, কানাডা থেকে শিগগিরই ব্রিটেনে ফিরছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো বলছে, তিনি এখনো কানাডায় অবস্থান করছেন। সম্ভবত তিনি তার পরিকল্পনা বদলেছেন। গণমাধ্যমের এসব খবরের ফলে কিছু প্রশ্ন সামনে আসছে। আর তা হলো—এই দম্পতি কি একসঙ্গে ব্রিটেনে দীর্ঘ সময়ের জন্য থাকতে আগ্রহী? নাকি তারা উত্তর আমেরিকায় স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছেন।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান রাজপরিবার ছাড়ার ঘোষণা দেন। তারা রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব পালনের জন্য সরকারের বরাদ্দকৃত অর্থ গ্রহণ না করে আর্থিকভাবে স্বনির্ভর জীবন-যাপন করতে চান বলে জানান। এছাড়া তারা ব্রিটেন ও কানাডায় ভাগাভাগি করে থাকতে চান। তাদের এই ঘোষণার পর রাজপরিবারে তাদের ভবিষ্যতে কি ভূমিকা হবে তা নিয়ে আলোচনা চলছে। যদিও মেগান মার্কেল বর্তমানে কানাডায় ছেলে আর্চির সঙ্গে আছেন।
