পূজার দিনে ভোট হওয়ায় সরকারের কিছুই করার নেই ---------------স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:৩০

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঢাকার দুই সিটি নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। নির্বাচন ও পূজা একই দিন হওয়ায় সরকারের কিছুই করার নেই জানিয়ে তিনি বলেন, নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের। এখানে আমাদের কিছু করার নেই। তারা যেভাবে চাইবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবে কাজ করবে। গতকাল শুক্রবার রাজধানীর মধুবাগে শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন ও সরস্বতী পূজা একই দিন হলেও বিষয়টি নির্বাচন কমিশনের। এ সিদ্ধান্ত তারা নেবে। এতে আইনশৃঙ্খলার অবনতি হবে এমন কোনো কারণ নেই। নির্বাচন কমিশন যা বলবেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেই দিকে নজর রেখেই কাজ করবে। কাজেই কোনো কিছুতে আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দিচ্ছে আমরা সেটাই করছি। এর বাইরে আমার কিছু বলার নেই।               এর আগে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যখন ২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা হারিয়ে ফেলি, তারপর দেশের সাক্ষরতার হার একদম কমে যায়। ২০০৮ সালে ফের ক্ষমতায় ফিরে আসার পর এখন দেশের সাক্ষরতার হার ৭৩ ভাগে পৌঁছেছে। এখন অভিভাবকরা বুঝতে শিখেছেন শিক্ষার বিকল্প নেই।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষ তার সন্তানদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করছেন না। কারণ প্রধানমন্ত্রী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। সব স্কুলে ইমারতসহ সবকিছু সুন্দর ও উন্নত করা হয়েছে। এ কারণে আমরা সবস্তরে শিক্ষার সুফল পাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে যেসব ওয়াদা আমরা করেছিলাম একের পর এক তাতে সফল হচ্ছি। এ কারণে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শুধু শিক্ষার হার না, সবকিছুতে আমরা সফল থেকে সফলতর হচ্ছি। 

স্কুলের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, গভর্নিং বডির সভাপতি সুফি সুলতান আহমেদ প্রমুখ।