পটিয়াসহ ছয় স্থানে ছয় জনের প্রাণহানি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:৩৩

বিয়ের পিঁড়িতে বসা হলো না তন্ময়ের। বাড়িতে প্রস্তুতি শেষ। এমন সময় খবর এল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তন্ময় বিশ্বাস। ঘর সাজানোর জিনিসপত্র কিনতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ শহরের কলাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তন্ময় ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী গ্রামের গোলাম নবীর ছেলে। তন্ময়ের এক আত্মীয় শিপন জানান, শুক্রবার একই উপজেলার হাট-বাকুয়া গ্রামের একটি মেয়ের সঙ্গে তন্ময়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বাড়িতে প্রস্তুতিও শেষ পর্যায়ে। ঘর সাজানোর কিছু মালামাল নিতে তন্ময় মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যান। রাত সাড়ে ৮টার দিকে শহরের কলাহাটা এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কোনো যান তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো পাঁচ জন নিহত হয়েছেন। গতকাল প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

পটিয়া (চট্টগ্রাম) : পটিয়া উপজেলার শান্তিরহাটে দুই বাসের সংঘর্ষ দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন নোয়াখালী জেলার ওমর ফারুক (৪০) ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাজ্জাদ হোসেনের পুত্র জাহিদ হোসেন (৩৮)। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, শ্যামলী পরিবহনের চেয়ারকোচ (ঢাকা মেট্রো ব-১৫-১৬২৪) ও বিসমিল্লাহ পরিবহনের লোকাল বাসের (চট্টমেট্রো ব-১১-০১৩৩) সংঘর্ষ হয়। এতে জাহিদ ও  ফারুক মারা যায়। আহতদের মধ্যে নিকা সুলতানা, মো. আরিফ, বাপ্পি মুক্তা, মিনু আকতার চমেক হাসপাতালে চিকিত্সাধীন।

বাজিতপুর (কিশোরগঞ্জ) : উপজেলার পৈলনপুরে গতকাল একটি প্রাইভেটকারের চাপায় স্থানীয় জীবন মিয়ার শিশু রাফি নিহত হয়েছে। পরিবার সূত্র জানায়, শিশুটি বাড়ির পাশের সড়কে গেলে বাজিতপুর থেকে কিশোরগঞ্জগামী একটি সাদা প্রাইভেটকার দ্রুত বেগে এসে শিশু রাফিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী জহিরুল ইসলাম ওরফে জুলু মুন্সী (৬৮) গতকাল মারা গেছেন। মঙ্গলবার ভোরে তাকে উপজেলার চৈতনকান্দা নয়াপুর এলাকায় বালুবাহী একটি পিকআপ চাপা দেয়।

মিরসরাই (চট্টগ্রাম) : উপজেলার খাগড়াছড়ি-রামগড়-বারইয়ারহাট সড়কে বালুবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষে আবদুল্লাহ আল নোমান (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নোমান রামগড় উপজেলার বাগানবাড়ি এলাকার আবদুল করিমের পুত্র। এই ঘটনায় চিকু বেগম নামের এক নারী গুরুতর আহত হয়ে চমেকে চিকিত্সাধীন রয়েছেন। চিকু বেগম ফটিকছড়ি উপজেলার নতুন বাজার এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী। এসআই আলমগীর এ তথ্য জানান।

বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রামপট্টিসংলগ্ন কামিনী ফিলিং স্টেশন এলাকায় সেনাবাহিনীর একটি মাইক্রোবাসের সঙ্গে (সেনা নম্বর ০১৫৩১৬) কুয়াকাটা থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩২৪) সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনায় আহতদের শের-ই বাংলা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সেনাবাহিনীর মাইক্রোবাস চালককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। মেট্রোপলিটনের বিমানবন্দর থানার এসআই জালাল জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।