কুমিল্লা প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, তোমরা বাল্যবিবাহ, যৌতুক, যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হবে। বাল্যবিবাহ নারীর ক্ষমতায়ন জাতীয় উন্নয়নে অন্যতম অন্তরায়। তোমরা নিজেদের সবধরনের সংকীর্ণতা থেকে দূরে রাখবে। পরিবেশ সম্পর্কে সচেতন হবে এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সহিংসতা থেকে নিজেদের দূরে রাখবে। বাংলাদেশকে তোমরাই এগিয়ে নিয়ে যাবে। তোমরাই গড়ে তুলবে আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ। গতকাল শুক্রবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ২০২১-এ ডিজিটাল বাংলাদেশের রূপকল্প পেরিয়ে ২০৪১ সালের রূপকল্প অর্জনে এগিয়ে যাচ্ছি। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ প্রমুখ। উল্লেখ্য, দেশের চারটি অঞ্চলের ৮০৮ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ছয় দিনব্যাপী প্রতিযোগিতার পর্দা নামবে আগামী ২২ জানুয়ারি।
