গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
গৌরনদীতে একই পরিবারের দুই বোনকে বিয়ে করার জের ধরে স্বামী মো. জহের জাহান ফকিরকে (২৭) কুপিয়ে জখম করেছেন দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের স্বজনরা জানান, গত পাঁচ বছর পূর্বে উপজেলার বড়দুলালী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে জহের জাহান ফকিরের সঙ্গে একই গ্রামের নুরুল ইসলাম সরদারের কন্যা লাইজু খানমের বিয়ে হয়। তাদের সংসারে এক কন্যা সন্তানের জন্ম হয়।
জানা গেছে, গত এক বছর পূর্বে প্রথম স্ত্রীর বড়ো বোন বিউটি খানম স্বামীকে তালাক দিয়ে ছোটো ভগ্নিপতি জহের জাহানকে বিয়ে করেন। প্রথম স্ত্রী লাইজুর অনুমতি না নিয়ে তার বড়ো বোন বিউটিকে বিয়ে করায় তিনি মেনে নিতে পারেনি। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো প্রতিদিন। পরে জহের জাহান দ্বিতীয় স্ত্রী বিউটিকে তার বাবার (শ্বশুর) বাড়িতে রেখে ভরণ পোষণ দিয়ে আসছিলেন।
