রাজধানীর উত্তরায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে উত্তরা পূর্ব থানার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত জানান, বেপরোয়া বাস ঐ দুই জনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে আহতাবস্থায় দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তিনি। কর্তব্যরত চিকিত্সক দুই জনকে মৃত বলে ঘোষণা করেন। তাত্ক্ষণিকভাবে নিহত দুই জনের পরিচয় জানা যায়নি। তিনি আরো জানান, বাসটিকে কাকলী এলাকা থেকে চালকসহ আটক করা হয়েছে। নিহতরা হলেন জুয়েল শেখ ও লিটন। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দুই জনের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
যাত্রাবাড়ী বাসের ধাক্কায় মামা-ভাগনের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে বাসের ধাক্কায় মামা-ভাগনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ার হোসেন (৪০) ও তার ভাগনে সালাউদ্দিন (২২) মতিঝিল এলাকায় জারের পানি সরবরাহের ব্যবসা করতেন। তারা থাকতেন সাদ্দাম মার্কেট এলাকায়।
স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আনোয়ার ও সালাউদ্দিন রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা রাত সাড়ে ১২টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
