‘নির্বাচনে আমরা অবশ্যই বিজয়ী হব’ মর্মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, এটা তাদের নতুন কথা নয়। তারা পুরোনো কথাই নতুন করে বলে। তবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গত ১০ বছরে বাংলাদেশের মানুষকে যে অভাবনীয় উন্নয়ন উপহার দিয়েছেন তাতে আমি আশা করি যে বিএনপিকে কোনো অর্থেই ভোট দেওয়ার কোনো কারণ নেই। সুতরাং মানুষ যদি তাদের ভোট না দেয় তাহলে তারা কীভাবে বিজয়ী হবে আমার জানা নেই। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের ‘লিডারশিপ ওরিয়েন্টেশন’ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য়।
আব্দুর রহমান বলেন, আমি মনে করি দেশের মানুষ এ উন্নয়নের যে চিত্র এবং সুফল ভোগ করছে সেই কারণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকেই তারা ভোট দেবে এবং নৌকা মার্কাকেই বিজয়ী করবে। সিটি নির্বাচনে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আব্দুর রহমান বলেন, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। এটা নেহাতই রাজনৈতিকভাবে ঘোলা পানিতে মাছ শিকারের একটা অপচেষ্টা মাত্র।
পূজার দিনে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সেটি আমাদেরও বিব্রত করছে এবং আমরাও আজকে যারা ছাত্ররা দাবি করছে তাদের সঙ্গেও সহমত পোষণ করি। এ বিষয়টিকে যদি এড়িয়ে যাওয়া যেত তাহলে এই বিব্রতকর অবস্থা থেকে আমরা সবাই মুক্তি পেতাম।
