বিনোদন রিপোর্ট
চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭-এর চ্যাম্পিয়ন রাকিবা ইসলাম ঐশীর নতুন গান ও তার মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। শিল্পী, লেখক ও গীতিকার লুত্ফর হাসানের লেখা ‘তোমার আর সময় মেলে না’ গানটি জি-সিরিজের ব্যানারে গত বুধবার ইউটিউবে প্রকাশ করা হয়।
গানটির সুরও করেছেন লুত্ফর হাসান নিজেই। সংগীত পরিচালনা করেছেন জন।
রাকিবা ইসলাম ঐশী বলেন, ‘এটি আমার নিজে গাওয়া গানের সঙ্গে নিজে অভিনয় করা প্রথম মিউজিক ভিডিও। তাই এবারের অভিজ্ঞতাটা একটু ভিন্ন। গানটি প্রকাশের পর থেকে সবার কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এটি বেশ ভালোলাগার বিষয়। কারণ একটি গান অনেক প্রত্যাশা ও শ্রম দিয়ে করতে হয়। সেটি যখন শ্রোতাদের ভালো লাগে, সেই প্রাপ্তিটা সবচেয়ে আনন্দের। সামনে আরো ভালো কাজের অনুপ্রেরণা জোগায় সবার ভালোবাসা। ’
লুত্ফর হাসান বলেন, ‘এই গানটি অনেক অপেক্ষার পর এলো, এটি অনেক ভালোলাগার। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি পাওয়া যাচ্ছে।’
