বিনোদন রিপোর্ট
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। একইসঙ্গে ছিল এশিয়ান রেডিও’রও জন্মদিন। এ উপলক্ষে দিনব্যাপী প্রতিষ্ঠান দুটির উদ্যোগে গুলশান শুটিং ক্লাব মিলনায়তনে চলে জমকালো অনুষ্ঠানমালা। দিনভর আনন্দ উত্সব আর শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বিনিময়, অতিথি বরণ, স্মৃতিচারণমূলক আড্ডা ও বরেণ্য শিল্পীদের পরিবেশনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বর্ষপূর্তি উপলক্ষে এশিয়ান টিভির পর্দায় থাকছে ৫ দিনব্যাপী ধারাবাহিক বর্ণাঢ্য আয়োজন। ৫ দিনের অনুষ্ঠানমালায় থাকছে দেশি-বিদেশি শিল্পীদের কনসার্ট, ভিন্নমাত্রার সংগীত, টকশোসহ নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে এশিয়ান টিভির কার্যালয়ে ৭ম বর্ষপূর্তির কেক কেটে দিনভর এশিয়ান টিভি ও এশিয়ান রেডিওকে শুভেচ্ছা জানাতে হাজির হন নানা অঙ্গনের তারকা ও গুণীজনরা। পাশাপাশি দর্শকদের বিনোদনে মাতিয়ে রাখতে এশিয়ান টিভি সরাসরি সম্প্রচার করে খ্যাতিমান শিল্পীদের সমন্বয়ে জমকালো সংগীতানুষ্ঠান।
