g স্পোর্টস ডেস্ক
ওয়ানডে বিশ্বকাপের পর আর পাকিস্তান দলে দেখা যায়নি মোহাম্মদ হাফিজকে। টি-টোয়েন্টিও সর্বশেষ খেলেছেন এক বছরেরও বেশি সময় আগে। যদিও, দলে ডাক পেয়েই বর্ষীয়ান পাকিস্তানি ক্রিকেটার হাফিজ জানালেন, নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে আছেন তিনি।
প্রত্যাবর্তনকে সামনে রেখে লাহোরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা আমার ফিরে আসা। আমি নিজের দেশের মানুষের সামনে খেলতে পারব। আমি রোমাঞ্চিত। এই সুযোগটা আমাদের সব সময় হয় না। ফলে, উজ্জীবিত হওয়ার জন্য এর চেয়ে বড়ো কারণ আর হতে পারে না।’
নিজেকে মেলে ধরতে মরিয়া হাফিজ বলেন, ‘দলের হয়ে খেলতে পারাটাই আমার জন্য সবচেয়ে বড়ো ব্যাপার। জয়ের জন্য যা কিছু করা দরকার হয়, তার চেষ্টা সব সময়ই থাকে। দলের হয়ে কিছু করতে পারার চেয়ে বড়ো গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আমি সেদিকেই চোখ রাখছি।’
বাংলাদেশ দল তিন দফায় পাকিস্তান সফর করবে। প্রথম দফায় খেলবে তিনটি টি-টোয়েন্টির সিরিজ। বাংলাদেশ দলকে স্বাগতম জানিয়ে হাফিজ বলেন, ‘আমি পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দলকে স্বাগতম জানাই। আশা করি, আমাদের খেলা দেখতে স্টেডিয়ামে অসংখ্য সমর্থকদের ভিড় হবে।’
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সন্তোষজনক পারফরম্যান্স করে দেখাবে বলে আশা করছেন হাফিজ। বললেন, ‘জয় এমন একটা ব্যাপার যেটা আপনাকে আত্মবিশ্বাস যোগায়। বাবর আজম এখন দলের অধিনায়ক। একই সঙ্গে সে দারুণ খেলোয়াড় ও মানুষ। এখন কেবল আমাদের জয় দরকার, যাতে করে অধিনায়ক হিসেবে সে আত্মবিশ্বাস পায়। আর বাংলাদেশের বিপক্ষে সেটা সম্ভব।’
