পাটনায় সালমাদের হার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৪১

প্রথম ম্যাচে ভারত নারী ‘এ’ দলকে হারিয়ে চার জাতি নারী টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ নারী দল। তবে দ্বিতীয় ম্যাচে গতকাল ভারত নারী ‘বি’ দলের কাছে ১৪ রানে হেরেছে সালমা খাতুনের দল। ভারতের পাটনায় গতকাল টসে জিতে আগে ব্যাট করে সাবভিনেনি মেঘানার ৫২ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১১২ রান সংগ্রহ করে ভারত ‘বি’ দল। ১৬ রান খরচায় ৩ উইকেট নেন সালমা। জবাবে তিন রান তুলতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সানজিদা ইসলামের ৩৪ আর নিগার সুলতানার ২৬ এই ধাক্কা সামাল দিলেও পরবর্তী ব্যাটাররা হতাশ করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৮ রানের বেশি যেতে পারেননি সফরকারীরা। আগামীকাল সিরিজে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ড নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।