বার্সায় সেতিয়েন যুগের শুরু আজ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৪২

 স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা আজ নতুন একটা যুগে প্রবেশ করছে। আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে যাত্রা শুরু করছেন কুইক সেতিয়েন। যাত্রার শুরুটা অবশ্য তুলনামূলক সহজ। কারণ আজ রাতে নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ গ্রানাডা।

লা লিগায় ১৯ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৪০। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে তাদের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে গ্রানাডা। বার্সেলোনার জন্য ম্যাচটা একই সঙ্গে প্রতিশোধের মিশনও বটে। কারণ চলতি মৌসুমের শুরুতে এই ক্লাবটিই রীতিমতো তাদের মাটিতে নামিয়ে এনে হারিয়েছে।

সেতিয়েন সব ধরনের আসরে মোটামুটি ভদ্রস্থ অবস্থায় থাকা একটা দলই পেয়েছেন। আর্নেস্তো ভালভার্দে বরখাস্ত হলেও লা লিগার পয়েন্ট টেবিলে ওপরের দিকেই আছে কাতালানরা। অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও তারা নকআউট পর্বে পা রেখে ফেলেছে। তারপরও ন্যু ক্যাম্পে সেতিয়েনকে উড়িয়ে আনার উদ্দেশ্য, বার্সা নিজেদের আধিপত্য বিস্তারকারী ফুটবলের ধারা ফিরে পেতে চায়। সেতিয়েন নিজেও ক্লাবের কাছ থেকে সেটাই প্রত্যাশা করছেন।

বললেন, ‘আমি মাত্রই যোগ দিলাম। এখনো অভিনন্দন পাওয়া থামেনি। আমার ফোনে এখনো ৬০০টার মতো শুভেচ্ছা বার্তা এসে জমা পড়েছে, যা আমি এখনো পড়ে দেখারই সময় পাইনি। কারণ আমি বার্সেলোনাতে এসেই কাজে ডুবে গেছি। আমি এমনিতে খুব আবেগি, আবেগের বশবর্তী হয়েই সিদ্ধান্ত নেই। তবে এটা পেশাদার জীবন। এখানে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। বার্সেলোনাকে সুদিনে ফেরাতে আমাকে অনেকগুলো ব্যাপার পর্যবেক্ষণ করতে হচ্ছে। আমি বাস্তবতা, কৌশল ও আবেগ—এই তিনটি বিষয়ের সমন্বয়ে সিদ্ধান্ত নিচ্ছি।’

মাঠে নামার আগে নিজের চাওয়াটাও জানিয়ে দিলেন কোচ,‘আমি শুধু চাইব, আমি মাঠের বাইরে খেলোয়াড়দের যা শেখাচ্ছি, সেটা যেন মাঠে ওরা করে দেখাতে পারে, আমার শিক্ষার প্রতিফলন যেন মাঠের খেলায় থাকে।’  আর অন্য সব কোচের মতো লিওনেল মেসির প্রতি বিশেষ আস্থাও আছে তার। বললেন, ‘মেসি যেকোনো ম্যাচের প্রতিটি মুহূর্তে দারুণভাবে জড়িত থাকে। অন্য অনেক মহান ফুটবলারের মধ্যে এই গুণটা থাকে না। প্রতিটি ম্যাচ নিয়ে আলাদা ভাবনা আছে তার। ও অভিনব, আর অন্য কোনো ফুটবলারের পক্ষে তার মতো হওয়া শক্ত।’

আধুনিক বার্সেলোনা ক্লাব গড়ার পেছনে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড়ো অবদান রাখাদের একজন হলেন পেপ গার্দিওলা। নতুন সূচনার অপেক্ষায় থাকা সেতিয়েন মাঠে নামার আগে পেলেন সাবেক এই কাতালান কোচের শুভকামনাও।

গার্দিওলা বলেন, ‘তার সঙ্গে আমার ম্যানচেস্টারে কথা হয়েছে। সে খুবই বন্ধুত্বপরায়ণ। দারুণ একটা আলাপ হয়েছে আমাদের। আমি অবশ্যই কুইক সেতিয়েনের প্রতি শুভকামনা জানাতে চায়। ও যে দলের কোচিংই করিয়েছে, সবাই অনেক ভালো করেছে। বিশেষ করে রিয়াল বেটিস ক্লাবের কোচ থাকার সময় থেকেই ওর কাজ আমি নজরে রাখছি।’