ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা জানালেন, অদূর ভবিষ্যতে ম্যানচেস্টার সিটিতেই থাকছেন তিনি। টানা দুই প্রিমিয়ার লিগ জয়ের পর চলতি মৌসুমে কিছুটা ভাটা পড়েছে সিটির পারফরম্যান্সে। ফলে চলতি মৌসুমে অদম্য লিভারপুলের বিপরীতে বড়জোর দ্বিতীয় হয়ে লিগ শেষ করার ‘বাস্তবসম্মত’ সম্ভাবনা আছে ক্লাবটির সামনে। যার ফলে মৌসুম শেষে চুক্তি ভেঙে তার সিটি ছাড়ার গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে ইংলিশ সংবাদ মাধ্যমে। তবে গার্দিওলা জানালেন সিটি চাইলে আগামী মৌসুমেও ক্লাবটির ডাগআউটেই থাকবেন তিনি, ‘যদি না তারা আমাকে ছাঁটাই করে দেয়; আমি সিটিতেই থাকছি, এটা শতভাগ নিশ্চিত। আমি এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করে আনন্দ পাই। আমরা কিছু ম্যাচে হেরেছি। এটা সাধারণ ব্যাপার। আরো ভালো করতে, উন্নতি করতে হবে আমাদের।’
