স্কলারশিপ পাবেন ফুটবলাররা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৪৪

এআইইউবি ও বাফুফে চুক্তি

 স্পোর্টস রিপোর্টার

ফুটবলাররা যেন খেলার পাশাপাশি লেখাপড়াটাও ভালোভাবে করতে পারেন, সে জন্য উদ্যোগ নিয়েছেন সাবেক তারকা ফুটবলার খন্দকার ওয়াসিম ইকবাল। এরই পরিপ্রেক্ষিতে বাফুফের সঙ্গে আলোচনার সুবাদে ফুটবলারদের উন্নত শিক্ষা দিতে এগিয়ে এসেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)।

বাফুফে ও এআইইউবির মধ্যে এ জন্য তিন বছরের চুক্তি হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে সেটি জানিয়েছে উভয় পক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, খন্দকার ওয়াসিম ইকবাল, এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান, ক্রীড়া পরিচালক আব্দুল কাদের নাজমুল প্রমুখ।

চুক্তি অনুযায়ী এআইইউবি বছরে ছয় ফুটবলারকে স্কলারশিপ দেবে। সংখ্যাটা বাড়তেও পারে বলে জানিয়েছেন হাসানুল এ হাসান। তিনি বলেন, ‘আমরা শিক্ষাগত বিষয়ে যেকোনো সাপোর্ট দেব। এটা নারী ফুটবল হোক কিংবা পুরুষ ফুটবল হোক। বাফুফে থেকে যাকে রিকমেন্ড করবে, আমরা সেটাও গুরুত্ব দেব, এটা স্কলারশিপ হোক কিংবা ব্যাচে লেখাপড়া হোক।’

তিনি আরো বলেন,‘স্কলারশিপ হবে চার বছরের জন্য। ২০ বা ২২ জন নিয়েও একটা ব্যাচ করে শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। শ্যুটিংয়ে ছয় বছর এবং ক্রিকেটের সঙ্গে ১২ বছর আমরা জড়িত। আমরা খুব ভাগ্যবান যে খেলাধুলার সঙ্গে কাজ করতে পারছি। শুধু উচ্চশিক্ষাই নয়, লিডারশিপ, সংবাদ াধ্যমের সঙ্গে কথা বলা, ইংলিশ স্পোকেন শিক্ষারও সুযোগ থাকবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।’