চন্দ্রঘোনা দোভাষী বাজার থেকে বিপুল সেগুন কাঠ জব্দ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৫২

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবি শুক্রবার বিকালে চন্দ্রঘোনা দোভাষী বাজারে অভিযান পরিচালনা করে ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সেগুন কাঠ জব্দ করেছে বলে জানা গেছে। জব্দকৃত সেগুন কাঠ উদ্ধার করে বিজিবি ওয়াগ্গাছড়া জোন এলাকায় নিজস্ব হেফাজতে রাখা হয়। এই কাঠগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্র জানায়।

চন্দ্রঘোনা দোভাষী বাজারের আমতল এলাকার একটি স মিলে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ রয়েছে এমন একটি খবর গোপন সূত্রে পায় বিজিবি। বিজিবি সদস্যরা স মিলে গিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ দেখতে পান। এসব কাঠের কোনো বৈধ কাগজ কেউ দেখাতে পারেনি।

এ ব্যাপারে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, অবৈধ পাচার ঠেকাতে বিজিবির টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন স্থানে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে।