গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মেধাবী স্কুলছাত্রী তিথি হত্যাকারী ট্রাকচালকের ফাঁসি ও নিরাপদ সড়কের দাবিতে শনিবার বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান গৌরীপুর উপজেলা সদরে আলাদা আলাদা কর্মসূচি পালন করে। আলোর ছন্দ খেলাঘর আসর বিক্ষোভ মিছিল শেষে শহিদ হারুণ পার্কে মানববন্ধন ও সমাবেশ করে। দি আইডিয়াল কিন্ডার গার্টেনের শিক্ষক-শিক্ষার্থীরা শোক র্যালি, বিক্ষোভ ও মানববন্ধন করেছে। স্কুলের অধ্যক্ষ গৌরাঙ্গ সরকার মধুর নেতৃত্বে শহরে এ প্রতিবাদ কর্মসূচি করা হয়। এছাড়া অগ্রদূত নিকেতন উচ্চবিদ্যালয়, চাঁদের হাট সংগীত নিকেতন, উদীচী শিল্পী গোষ্ঠী, গৌরীপুর সংগীত নিকেতন, গৌরীপুর থিয়েটার, গৌরীপুর শিল্পী গোষ্ঠী, অপূর্ব শিল্পী গোষ্ঠী, সরকার শুদ্ধ সংগীত বিদ্যায়তনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শোকমিছিল, মানববন্ধন ও সমাবেশ করে।
