রাজশাহীতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৫২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মহানগরীর ডাশমারী সাতবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুরা হলো—মো. ফাহিম (৪) ও মো. ফারহান (৪)। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাহিম ও ফারহান সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। শনিবার সকাল ৯টার দিকে প্রথমে একটি শিশু পুকুরের পানিতে পড়ে যায়। তখন তাকে ধরতে আরেক শিশু পানিতে নামে। এ সময় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। দুপুরের দিকে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।