নির্বাচনী পোস্টারে পলিথিনের আবরণ!

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:২০

সিটি করপোরেশন নির্বাচন আসন্ন। প্রচার-প্রচারণা চলছে বেশ জোরেশোরে। প্রচারণার অন্যতম মাধ্যম হলো পোস্টার। আগে রং-বেরঙের পোস্টার দেখা যেত। এখন সাদাকালো পোস্টার দেখা যায়। আগে কাগজের পোস্টার সাঁটানো হতো। এবার দেখা যাচ্ছে, পোস্টারের ওপরে পাতলা পলিথিনের আবরণ। অথচ পলিথিন উত্পাদন, বাজারজাতকরণ, ব্যবহার সম্পূর্ণ বেআইনি। ভবিষ্যতে যাঁরা জনপ্রতিনিধি হবেন, জনগণের ভালোমন্দ দেখভাল করবেন—তাঁরা জেনেশুনে কেন পরিবেশের ক্ষতি করছেন? এমন না যে পোস্টার জনম জনম থাকবে। অল্প সময়ের জন্য পোস্টার করা হয়। সেটা শুধু কাগজের হলে অসুবিধা কোথায়? লাখ লাখ পোস্টার ছাপা হবে। পোস্টারের এই বিপুল পরিমাণ পলিথিন ড্রেনে পড়বে। এটা আরো বেশি করে জলাবদ্ধতা বাড়াবে। এমনিতেই ঢাকায় সামান্য বৃষ্টিতে হাঁটুপানি জমে যায়। প্রশ্ন হলো, নির্বাচন কমিশন কি পোস্টারে পলিথিন দেওয়ার ব্যাপারটা দেখছেন  না? এটা তো কোনো রাজনীতিক ইস্যু না। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত পলিথিনের আবরণ দেওয়া সকল পোস্টার তুলে নেওয়ার ব্যবস্থা করা হোক। নিষিদ্ধ পলিথিন যারা ব্যবহার করেছে,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মুখরোচক বুলি আওড়ানো অনেক হয়েছে। এবার কাজে পরিবেশ সচেতনতার প্রমাণ দেওয়ার সময়।

মুহাম্মদ শফিকুর রহমান

বনানী, ঢাকা