কতজনের কত নেশা! আমার নেশা চায়ে
বারে বারে চা চাইতে ধরি বউয়ের পায়ে।
গরম পানির ভেতর দেয়া কয়টা চায়ের পাতা!
তাই দিতে বউ খুলে বসে গালাগালির খাতা!
চা চাইলেই মুখ ঝামটা! বংশ তুলে গালি!
বসে ছিলাম, নির্বাচনের সিজন আসুক খালি!
এখন কেমন! ঘর থেকে বের হলেই টানাটানি
আসেন আসেন চা খেয়ে যান, ফুটছে গরম পানি।
চায়ের ধোঁয়া উড়ে বেড়ায় আমার বামে, ডানে
কাউন্সিলার, কমিশনার, মেয়র সবাই টানে।
চাচা যদি আস্তে টানেন, আপা টানেন জোরে
নির্বাচনের চায়ের দাওয়াত পাড়ার মোড়ে মোড়ে।
চায়ের ভেতর কনডেন্সড মিল্ক, আদরমাখা চিনি
সত্যি এমন সুস্বাদু চা খাইনি কোনোদিনই।
আহা, দারুণ মসলা চায়ে হালকা আদার কুঁচি
আগের থেকে বেড়ে গেছে আমার চায়ের রুচি!
চাইলে চায়ে চিনি বাড়ায়, লিকার করে কড়া
নির্বাচনের চা-টা খেয়ে আনন্দে যায় মরা।
পথে পথে চায়ের বাহার, চা খেয়ে প্রাণ সুখী
ইচ্ছা করে পথেই থাকি, হই না গৃহমুখী।
নির্বাচনটা সারা বছর চলত যদি মামা!
চা চাইতাম বউয়ের কাছে? ঘষে দিতাম ঝামা।
