সশস্ত্র বাহিনীর প্রতি রাষ্ট্রপতি
বিশেষ প্রতিনিধি
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নেতৃত্বের প্রতি পরিপূর্ণ অনুগত থাকতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, সশস্ত্র বাহিনীর সদস্যগণ নেতৃত্বের প্রতি পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের সমন্বয়ে তাদের গৌরব সমুন্নত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন।’ গতকাল মিরপুর সেনানিবাসস্থ এনডিসি প্রাঙ্গণে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল শহিদ এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি নেতৃত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি অনন্য জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এনডিসির ক্রমবর্ধমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঝে পেশাদারিত্ব এবং জ্ঞানের বিকাশে এনডিসির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত জানান এবং রাষ্ট্রপতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুরুতে ন্যাশনাল ডিফেন্স কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। তিনি পুনর্মিলনী ২০২০ এ অংশগ্রহণের জন্য সকল প্রাক্তন কমান্ড্যান্ট, নতুন পুরাতন সকল ফ্যাকাল্টি, স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব.), মন্ত্রী ও সংসদ সদস্যগণ, নৌ ও বিমান বাহিনী প্রধান, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
