মামলাবাজ সিন্ডিকেট থেকে বাঁচার আকুতি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:২৪

ইত্তেফাক রিপোর্ট

পুলিশের দাগি অপরাধীর তালিকায় নাম নেই বা কোনো অপরাধের সঙ্গে জড়িত এমন তথ্য জানা নেই পরিবারের কারোর। তারপরও একের পর এক মামলার আসামি হচ্ছেন তারা। কোনো অপরাধ না করেও বছরের পর বছর জেল খাটছেন ভুক্তভোগীরা। কেউ কেউ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন, হয়েছেন সম্বলহীন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশ থেকে আসা এমন অর্ধশত পরিবারের সদস্যরা এসব মামলার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেন। মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের দুই শতাধিক সদস্য অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আশুলিয়ার মেঘলা। তিনি দাবি করেন, তার ছোটো ভাই উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ফজলে হামিম সায়মন ও বাবা ড. সোহরাব হোসেন মিথ্যা মামলায় জেল খাটছেন। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে পাঁচটি। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় এই মামলাগুলো দায়ের করা হয়। তাদের সঙ্গে জেল খাটছেন একই পরিবারের মাহবুবুর রহমান খোকন। মেঘলা বলেন, পরিবারের কোনো পুরুষ সদস্য বাড়ি থাকতে পারে না। আতঙ্কে থাকতে হয় আমাদের। আমার ছোটো ভাই অনেক মেধাবী ছিল। তার এখন গ্র্যাজুয়েশন শেষ করার কথা। অথচ সে এখন কারাগারে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সোহেল চৌধুরী, খাদিজা আক্তার, শিশু আলাউদ্দিন প্রমুখ।