মুরগি হারিয়ে যাওয়ায় শিশু গৃহকর্মীকে ছ্যাঁকা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এক শিশু গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। তার নাম মালা (১০)। গতকাল ভোরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ঐ বাসার গৃহকর্তা রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ। তবে নির্যাতনকারী রাজিবের স্ত্রী দিলারা বর্তমানে পলাতক রয়েছেন। দিলারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নার্স।

গৃহকর্মী জানায়, কুতুবখালী ডাক্তার বাড়ির পাঁচতলায় রাজিব ও দিলারার বাসায় গৃহকর্মীর কাজে দেয় তার মা। কাজে ভুল হলে বিভিন্ন সময় নার্স দিলারা তাকে মারধর করত। ১০/১২ দিন আগে তাদের বাসা থেকে একটি মুরগি হারিয়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় খুঁজেও মুরগিটা পাওয়া যাচ্ছিল না। মালা মুরগিটি ছেড়ে দিয়েছে ভেবে তাকে মারধর করে গৃহকর্ত্রী। গত ১০ জানুয়ারি রাতে দিলারা মুখে স্কচটেপ দিয়ে বেঁধে গরম খুন্তি দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেয় ও মারধর করে। শিশুটি নির্যাতন থেকে বাঁচতে মিথ্যা অভিযোগের দায় স্বীকার করে নেয়। পরে তাকে ছেড়ে দিলেও নির্যাতনের কথা কাউকে বলতে নিষেধ করে। গত শুক্রবার সকালে দিলারা তাকে দোকান থেকে পান আনতে পাঠালে সে পালিয়ে এলাকার এক আত্মীয়ের বাসায় যায়। পরে তারাই পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এই ঘটনায় শিশুটির খালা সুমা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গৃহকর্মী মালার বাবার নাম রমিজ মিয়া। তার মায়ের নাম কল্পনা আক্তার। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার হাজিরা গ্রামে।