সাইনুসাইটিস ও প্রতিকার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:২৬

ডা. সঞ্চিতা বর্মন

মাথা ব্যথা মানেই সাইনুসাইটিস নয়। সাইনুসাইটিসের ব্যথা অন্য ব্যথা থেকে আলাদা। নাকের চারপাশে হাড়ের মধ্যে কিছু বায়ুপূর্ণ গহ্বর আছে, যার সঙ্গে নাকের যোগাযোগ রয়েছে। এদের সাইনাস বলে। নাকের বিভিন্ন সংক্রমণ, অ্যালার্জিজনিত সমস্যার কারণে যখন এই সাইনাসগুলো সংক্রমিত হয় তখন একে সাইনুসাইটিস বলে। সাইনুসাইটিস যে কোনো বয়সের নারী-পুরুষদের হতে পারে। তবে কম বয়সীদের মধ্যে এই সমস্যা বেশি।

সাইনুসাইটিসের প্রধান লক্ষণ ব্যথা। কপালের সামনের অংশে এবং নাকের পাশের অংশে ব্যথা অনুভূত হয়। সামনের দিকে ঝুঁকলে এই ব্যথা বাড়ে। ব্যথার সঙ্গে জ্বর, হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া ইত্যাদি লক্ষণও থাকতে পারে।

সাইনুসাইটিসের সমস্যায় গরম পানির ভাঁপ নিলে অনেক আরাম পাওয়া যায়। নাকের বন্ধভাব কাটে ও ব্যথাও অনেক কমে। নাক বন্ধ থাকলে নাকের সর্দি টেনে ওপরে বা নাকের ভেতরের দিকে নেওয়া উচিত নয়। জ্বর থাকলে প্যারাসিটামল খাওয়া যেতে পারে। এছাড়া ধুলাবালি, ঠান্ডা বাতাস যতদূর সম্ভব এড়িয়ে চলতে হবে। গরম চা, পানি খেলে অনেক আরাম পাওয়া যায়। তবে ব্যথা বেশি হলে এবং কাশির সঙ্গে পাকা কফ বের হলে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চিকিত্সা নিতে হবে।

লেখক: ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ