সিলেটে পিঠা উত্সব

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:৩০

 সিলেট অফিস

সিলেটে ৪ দিনব্যাপী জাতীয় পিঠা উত্সব শনিবার সিলেট জেলা স্টেডিয়ামের বাস্কেটবল গ্রাউন্ডে শুরু হয়েছে। জাতীয় পিঠা উত্সব উদ্যাপন পরিষদ আয়োজিত এ উত্সবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন—পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। ৩০টি স্টল নিয়ে আয়োজিত এ পিঠা উত্সবে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান ও সিলেটে অবস্থানরত বিভিন্ন জেলাবাসী তাদের এলাকার ঐতিহ্যবাহী পিঠা দিয়ে স্টল প্রদান করেন। মঞ্চে অতিথিদের বক্তব্য শেষে মঞ্চেই পিঠা তৈরির সকল উপকরণ ও চুলা নিয়ে মঞ্চে উঠেন আয়োজকরা। পরে নিজ হাতে মালপোয়া পিঠা তৈরি করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর পত্নী সেলিনা মোমেন পররাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করেন।

পিঠা উত্সব উদ্যাপন পরিষদ, সিলেট-এর সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে পিঠা উত্সবের উদ্বোধন করেন জাতীয় পিঠা উত্সব উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ। পিঠা উত্সব উদ্যাপন পরিষদ, সিলেট-এর সদস্য সচিব সংস্কৃতি কর্মী রজত কান্তি গুপ্তের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।