নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম। নির্বাচিত হলে ঐতিহ্যের ঢাকাকে গড়ে তুলতে নানা অঙ্গীকার করেছেন তারা। ভোটের মাঠ চষে বেড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব প্রচারণা অব্যাহত রেখেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার তাপস ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য ফিরিয়ে এনে আরো উন্নত ও সচল ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে তিনি ভিশন-২০৪১ বাস্তবায়নে উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে সততা ও নিষ্ঠার সঙ্গে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে ঢাকাবাসীর অভিযোগ জানানোর জায়গা হিসেবে ‘সবার ঢাকা’ নামে নতুন একটি অ্যাপ চালু করার পরিকল্পনার কথা তুলে ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, এই অ্যাপের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গতকাল রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে টনি টাওয়ারের সামনে নির্বাচনী পথসভা করেন। পরে তিনি দিনভর দক্ষিণ সিটির ৬০, ৬১, ৬২ নম্বর ওয়ার্ড হয়ে ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলিতে গণসংযোগ ও প্রচারণা চালান। প্রচারণাকালে তাপস সাংবাদিকদের বলেন, ‘উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হবে ঢাকা। আমরা উন্নয়নের যে রূপরেখা প্রদান করেছি তা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। আমরা যেখানে যাচ্ছি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ঢাকার উন্নয়নের জন্য আমরা সুনির্দিষ্ট পাঁচটি রূপরেখা দিয়েছি। ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য ফিরিয়ে আনব। উন্নত ও সচল ঢাকা গড়ে তুলব।’ শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নির্বাচিত হতে পারলে আগামী পাঁচ বছর ঢাকাবাসী সব নাগরিক সুবিধা পাবেন। উন্নত ঢাকা গড়ে তুলবেন। তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ঢাকাবাসীর জন্য ২৪ ঘণ্টাই সেবা প্রদানে নিয়োজিত রাখব। ঢাকাকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলব। আমাদের সেবা সার্বক্ষণিক ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছে দেব।’ সেবক হয়ে ঢাকাবাসীর পাশে থাকার আশ্বাস দেন তিনি।
অন্যদিকে ঢাকাবাসীর অভিযোগ জানানোর জায়গা হিসেবে ‘সবার ঢাকা’ নামের নতুন একটি অ্যাপ চালু করার কথা বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল শনিবার কচুক্ষেত বাজারের সামনে স্বাধীনতা চত্বরে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি বলেন, নির্বাচিত হলে ‘স্মার্ট ঢাকা সিটি’ গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে ‘সবার ঢাকা’ অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে নগরবাসী সমস্যার কথা সরাসরি জানালে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কচুক্ষেত এলাকার বাসযাত্রীদের জন্য যাত্রীছাউনি স্থাপন ও ইব্রাহিমপুর থেকে বাঙলা কলেজ পর্যন্ত ১০০ ফিট রাস্তার কাজ করবেন। ফের নির্বাচিত হলে রাজধানীর পরিবহন সমস্যা সমাধান ও নগরকে যানজটমুক্ত করতে তিন মাসের মধ্যে কাজ শুরু করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা খানম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ। আতিকুল ইসলাম গতকাল কচুক্ষেত বাজার থেকে নির্বাচনী প্রচার ও গণসংযোগ শুরু করে ইব্রাহিমপুর, পূর্ব শেওড়াপাড়া, জামতলা, রোকেয়া সরণি, পশ্চিম শেওড়াপাড়া, ওয়াসা রোড, দক্ষিণ মনিপুর, সেনপাড়া, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে কখনো হেঁটে, কখনো খোলা পিকআপ গাড়িতে করে গণসংযোগ করেন। এদিকে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে নিয়ে ঢাকার কড়াইল বস্তিতে গিয়ে স্বামী আতিকুল ইসলামের জন্য নৌকা প্রতীকে ভোট চেয়েছেন তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী শমী কায়সার, তানভীন সুইটি ও অভিনেতা মাজনুন মিজান।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা
প্রতিশ্রুতির বার্তা নিয়ে দ্বারে দ্বারে যাওয়ার সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী। ব্যক্তিগত ফেসবুক পাতা থেকে জনসংযোগের লাইভ সম্প্রচার থেকে শুরু করে বহু রকম ভিডিও কনটেন্টের মাধ্যমের নিজেদের কার্যক্রম তুলে ধরার চেষ্টায় আছেন প্রার্থীরা। নিউজ শেয়ার দিয়ে, ভিডিও কনটেন্ট তৈরি করে তা ছড়িয়ে দেওয়ার কাজ করছেন প্রার্থীদের সোশ্যাল মিডিয়া টিমের সদস্যরা।
