ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও উত্তরের তাবিথ আউয়াল দলের নেতাকর্মীদের নিয়ে গতকাল ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। নেতাদের পাশাপাশি গতকাল ছেলের জন্য ভোট চেয়ে গণসংযোগ করেছেন তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল মিন্টু।
গতকাল শনিবার বেলা পৌনে ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে কলেজিয়েট স্কুলের সামনে নির্বাচনী প্রচারণা শুরুর আগে ইশরাক হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ থেকে মশা, পোকার বিস্তার ঘটছে। আর এই ময়লা থেকে নানারকম রোগজীবাণুর সৃষ্টি হচ্ছে। ইশরাক বলেন, ‘যদি নির্বাচিত হই, আপনাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাব। অন্যদিকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনও চালিয়ে যাব। বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে আমাদের কাজ সম্পূর্ণ করব। প্রিয় ঢাকা শহরকে একটি বাসযোগ্য গোছানো নগরী হিসেবে গড়ে তুলব। এখানে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে রাস্তাঘাট পরিষ্কার করব। নিরাপদ পানির লাইনের ব্যবস্থা করব। নিরাপদ পানির জন্য সঞ্চালন লাইনের ব্যবস্থা করব।’ ইশরাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে বাটা শো-রুমের সামনে থেকে প্রচারণার কাজ শুরু করেন। পর্যায়ক্রমে তিনি ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা শেষে বংশাল থানায় এসে কর্মসূচি শেষ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
ইসির বক্তব্যে ইভিএমে জাল
ভোটের শঙ্কা বেড়েছে : তাবিথ
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নির্বাচন কমিশনারের বক্তব্যে জাল ভোটের শঙ্কা বেড়েছে বলে মনে করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল। গতকাল শনিবার সকালে খিলগাঁও এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের বক্তব্যে ইভিএম নিয়ে আমাদের যে শঙ্কা সেটি প্রমাণিত হয়েছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল ভোট ঠেকাতে প্রস্তুত রয়েছে কি না এটি এখন ভোটারদের প্রশ্ন। তাবিথ বলেন, নির্বাচন কমিশনারের ওপর আমাদের আস্থা নেই। তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। তার পরও আমরা দেখতে চাই নির্বাচন কমিশন কি করে। তাবিথ বলেন, ভোটারদের মধ্যে কিছুটা ভয়-ভীতি কাজ করছে ঠিকই কিন্তু এবার তারা সব ভয়-ভীতি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট দিতে প্রস্তুত রয়েছে। ভোটাররা চান গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে। তাবিথ আউয়ালের সঙ্গে গণসংযোগে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন, নিপুণ রায় চৌধুরী, আকরামুল হাসান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ২৩ নম্বর কাউন্সিলর প্রার্থী হেলাল কবির হেলু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনসহ নেতাকর্মীরা।
ছেলের জন্য মা :তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল মিন্টু গতকাল দুপুরে উত্তর সিটির ১৭ নম্বর ওয়ার্ডের খিলক্ষেত কুড়িল কাজীবাড়ী থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি মেয়র পদে ছেলে তাবিথের জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। ভোটারদের কাছে ভোট চান। তার সঙ্গে স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাসরিন আউয়াল মিন্টু বলেন, ছেলের জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছি। তাদের কাছে ভোট চেয়েছি। তাদের সাড়া দেখে আমি অভিভূত।
