সম্পদ ভাগাভাগি করলে দারিদ্র্য ইতিহাসে চলে যেত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:৩৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, আমাদের দেশের মানুষ সম্পদ শেয়ার (ভাগাভাগি) করে না। করলে দারিদ্র্য ইতিহাসে চলে যেত। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে কবির এ কথা বলেন।

রাশিয়ান একজন লেখকের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, আপনি একটি মোমবাতি জ্বালিয়ে দিবেন, সেই মোমবাতি দিয়ে আবার হাজারো মোমবাতি জ্বলবে। যারা চিকিত্সা ও শিক্ষকতা করছেন তারাই এই মোমবাতি জ্বালানোর দায়িত্ব পালন করবেন। আর এজন্য আপনাদের সহায়তা করছে প্রাইম ব্যাংক।

অনুষ্ঠানে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষা সহায়তা কর্মসূচিতে চলতি বছর দেশের ২৬৩ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা সম্পন্ন করার জন্য প্রতিমাসে ২ হাজার ৬০০ টাকা প্রদান করা হবে। ২০০৭ সাল থেকে প্রাইম ব্যাংক দীর্ঘমেয়াদে এই বৃত্তি প্রদান করে আসছে। ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কর্মসূচির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, সুনির্দিষ্ট ক্রাইটেরিয়াতে স্বচ্ছভাবে বৃত্তি প্রাপ্তদের নির্বাচন করা হয়। দেশে অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী থাকলেও আমরা সবার জন্য এই বৃত্তি দিতে পারছি না। আনন্দের বিষয় হচ্ছে বৃত্তিপ্রাপ্তদের অনেকেই এখন প্রতিষ্ঠিত নাগরিক। তবে আমি আশা করি ব্যাংকগুলো আরো এগিয়ে আসলে মেধাবীরা আরো উঠে আসবেন, এগিয়ে যেতে পারবে। ব্যাংকটির চেয়ারম্যান আ জ ম জে চৌধুরী বলেন, সারাদেশে যারা গরিব ও মেধাবী তাদের এই বৃত্তির আওতায় নিয়ে আসি। আমরা যাদের বৃত্তি দিচ্ছি তাদের সাফল্যের পরিমাণ ৯৮ শতাংশ।