যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় দুই বোন ও ভাবি নিহত হয়েছেন। এদিকে রামুতে স্টুডেন্ট ফোরামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ শিক্ষার্থী আহত হয়েছে। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
যশোর : যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় দুই বোন ও ভাবি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে এক শিশুসহ আরো তিন জন। শুক্রবার রাত ১টার দিকে শহীদ মসিয়ূর রহমান সড়কের একটি বাড়ির প্রাচীর ও বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শহরের লোন অফিস পাড়ার শফিকুল ইসলামের স্ত্রী তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫), তার বোন শহরের রবীন্দ্রনাথ সড়কের বাসিন্দা সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন ইয়াশা (৩০) ও একই এলাকার বাসিন্দা পিয়াশার খালাত ভাই মনজুর হোসেনের স্ত্রী তিথী (৩৫)। আহতরা হলেন—তিথীর শিশু সন্তান মাশিয়াব ও পিয়াশার স্বামী প্রাইভেটকার চালক শফিকুল ইসলাম জ্যোতি ও নিকটাত্মীয় কালু। গুরুতর আহত মাশিয়াব ও কালুকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম বলেন, পুলিশ কন্ট্রোল রুম ও জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে আমরা জানতে পারি, একটি প্রাইভেটকার দুর্ঘটনার শিকার হয়েছে। ঐ প্রাইভেটকারে তিন জন পুরুষ, তিন জন নারী ও একটি শিশু ছিল। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে মরদেহ পোস্টমর্টেম ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
বাজিতপুর (কিশোরগঞ্জ) : বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের জামতলী সড়কে গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় কুলিয়ারচরের মাটিকাটা মসজিদের ইমাম মওলানা মো. আব্দুল আজিজ (৫০) নিহত হন। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বড়বাগ গ্রামে।
ত্রিশাল (ময়মনসিংহ) :ত্রিশালে প্রাইভেটকারের ধাক্কায় বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারা বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের ফকির বাড়ির।
পঞ্চগড় : তেঁতুলিয়া থেকে ইত্যাদির স্যুটিং দেখে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দাইমুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চৈতন্যপাড়া (বোর্ডবাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাইমুল পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের স্টেনোগ্রাফার।
রামু (কক্সবাজার) : মীর্জাগঞ্জ স্টুডেন্ট ওয়েব ফোরামের বনভোজনে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে ৩০ জন আহত হয়েছেন। গতকাল রামু উপজেলার মেরংলোয়া রামু ল্যাবরেটুর স্কুলের পাশে লম্বা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।
মোটরসাইকেল চালক নিহত
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, ঈশ্বরদীতে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর কদিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রেজাউল মালিথা (৪০)। তিনি সাহাপুর ইউনিয়নের দিঘা গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক রেজাউল দ্রুতগতিতে একটি ট্রাক ও নসিমন ওভারটেক করার সময় ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁনের প্রাইভেট কারের সামনে পড়ে যান। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের দরজায় ধাক্কা দিলে চালক রেজউল রাস্তার ওপর পড়ে যান।
