ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে গতকাল শনিবার দুই সিটির বিভিন্ন স্থানে নির্বাচনি গণসংযোগ, আলোচনা সভা এবং ভোট প্রার্থনা করেন যুবলীগ কেন্দ্রীয় নেতারা।
যুবলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে রাজধানীর উত্তর সিটি মিরপুরের বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সমর্থনে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন যুবলীগ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সমর্থনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সহধর্মিণী নাহিদা সুলতানা যুথী পল্টন, বিজয়নগর, সেগুনবাগিচার বিভিন্নস্থানে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এছাড়া উত্তর সিটির মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সমর্থনে গুলশান ভাটারা এলাকায় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিকের নেতৃত্বে ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন যুবলীগ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
