চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের স্বগৌরব উপস্থিতি থাকবে ---------অর্থমন্ত্রী

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০০:৩১

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বিশ্বব্যাপী পোশাক শিল্পের বাজার রয়েছে বছরে ৯০০ বিলিয়ন ডলার সমপরিমাণ। অথচ আইসিটি খাতের বার্ষিক চাহিদা ৪ ট্রিলিয়ন ডলার। পোশাক শিল্পের মতোই  আমরা আইসিটি খাতে সক্ষমতা অর্জন করতে পারব। এক্ষেত্রে আমাদের বিশাল কর্মক্ষম যুবসমাজের সুযোগ রয়েছে, তাই এই সেক্টরে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশ্বে প্রথম শিল্প বিপ্ল­ব ইংল্যান্ডে শুরু হয়। প্রথম ও দ্বিতীয় শিল্প বিপ্লবে আমরা অংশগ্রহণ করতে পারিনি। তৃতীয় শিল্প বিপ্ল­ব চলমান, কিছু কিছু ক্ষেত্রে অংশগ্রহণ করছি। চতুর্থ শিল্প বিপ্ল­ব হবে জ্ঞানভিত্তিক। সব কিছুতেই পরিবর্তন আসবে টেকনোলজির মাধ্যমে। চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের স্বগৌরব উপস্থিতি থাকবে। এজন্য টেকনোলজির বহুমাত্রিক ব্যবহার করতে হবে।’

অর্থমন্ত্রী গতকাল শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০ বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রযুক্তির মহাসড়ক’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। স্বাগত বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর উর রহমান ।

অর্থমন্ত্রী আরো বলেন, আমাদের তরুণ সমাজ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের উত্তরাধিকারী। তারা যুদ্ধ করেনি কিন্তু তাদের রক্তে বহমান মুক্তিযুদ্ধের রক্ত, তাদের রয়েছে মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা। ডিজিটাল বাংলাদেশের ধারণা প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয়ের নিকট থেকে এসেছে। এটা আর স্বপ্ন নয়, বাস্তবে ধরা দিয়েছে। ৫জি শিগিগরই বাস্তবে রূপান্তর হবে। তিনি বলেন, ব্যাপক শিল্পায়নের মাধ্যমে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, সারা পৃথিবীতে ডিজিটাল শব্দটিকে বিপ্লবে রূপ দিয়েছে বাংলাদেশ। আমরা ডিজিটাল খাতে অনেক এগিয়েছি।