রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার সকালের দিকে র্যাব-১০ তাদেরকে গ্রেফতার করে। তারা হলেন—সাগর (২৬), ইমন (২০), মোরসালিন (৩৬) ও জয়নাল আবেদীন (৩০), স্বপন আহমেদ (২৬), ইমরান হোসেন (৪০), আবু বক্কর সিদ্দিক (২৩) ও নাজমুল (২২)।
জানা গেছে, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার উপপরিচালক আলী রেজা রাব্বি ও স্কোয়াড কমান্ডার এএসপি আসাদুজ্জামানের নেতৃত্বে সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে চার জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো ফোল্ডিং চাকু, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৯০০ টাকা জব্দ করা হয়। এছাড়া বেলা সোয়া ১০টার দিকে পৃথক আরো একটি অভিযানে বাকিদের গ্রেফতার করা হয়। এ সময় দুইটি ফোল্ডিং চাকু, দুটি মোবাইল ফোন ও নগদ ২৬০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
