শাহজাহানপুরে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০০:৩৪

রাজধানীর শাহজাহানপুরে ছয় বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসার দারোয়ান মজিবরকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে। শারীরিক পরীক্ষার জন্য শনিবার দুপুরে ঐ শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন শাজাহানপুর থানার এসআই নুর ইসলাম।

শিশুটির মা জানান, তিনি ফুটপাতে পিঠা বিক্রি করেন। শিশুটির বাবা বাসা-বাড়িতে দারোয়ানের কাজ করেন। শুক্রবার বিকালে শিশুটিকে নিয়ে তার মা পিঠা বিক্রি করতে যান। সন্ধ্যার দিকে মেয়েটি বাসায় যাওয়ার উদ্দেশ্যে মায়ের কাছ থেকে রওনা হয়। পথিমধ্যে তাকে ডেকে নিয়ে মজিবর ধর্ষণ করে।

রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরে তিনি তার মেয়েকে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির পর দেখতে পান, তার মেয়ে পাশের বাসার গ্যারেজ থেকে বের হচ্ছে। সেখানে যাওয়ার কথা জিজ্ঞাসা করলে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। পরে রাতেই শিশুটিকে শাজাহানপুর থানায় নিয়ে যাওয়া হয়।

শাজাহানপুর থানার ওসি শহীদুল হক জানান, রাতেই শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। এর পরপরই আসামি মজিবরকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তিনি ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। শনিবার তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।