ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের একাউন্টিং উইক-২০২০ এর আজ রবিবার উদ্বোধন হবে। উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রোবায়েত উল ইসলাম, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও অ্যালামনাই এর সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ। সভাপতিত্ব করবেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রিয়াজুর রহমান চৌধুরী। অ্যাকাউন্টিং উইকের এই আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, কবিতা আবৃতি, খেলাধুলা, নাচ-গান, বিজনেস প্ল্যান কম্পিটিশন, র্যাফেল ড্র সহ থাকবে নানা ধরনের প্রতিযোগিতা। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালির পর বাণিজ্য অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে বিতর্ক প্রতিযোগিতা।
অ্যাকাউন্টিং অ্যালামনাই এর সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, সপ্তাহব্যাপী অ্যাকাউন্টিং উইক উদ্যাপন শেষে আগামী ২৪ জানুয়ারি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৫০ বছর এবং ২৫ জানুয়ারি শনিবার অ্যাকাউন্টিং অ্যালামনাই এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠিত হবে। দুই দিনের এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন যথাক্রমে পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান ও অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল। ৫০ বছর পূর্তির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।
