আলমগীর কবির স্মরণে

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৯:৪৩

আলমগীর কবির স্মরণ ও আলোচনা সভার আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

চলচ্চিত্রকার, বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা, লেখক ও মুক্তিযোদ্ধা আলমগীর কবির। স্বাধীনতাত্তোর বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিতে সবচেয়ে প্রভাব বিস্তারকারী চলচ্চিত্র ব্যক্তিত্ব আলমগীর কবির। ১৯৮৯ সালের ২০ জানুয়ারি দুর্ঘটনায় আলমগীর কবির প্রয়াত হন। বাংলাদেশে অন্যধারার চলচ্চিত্র নির্মাণের নেতৃত্বদান করা ছাড়াও আলমগীর কবির নেতৃত্ব দিয়েছেন চলচ্চিত্র সংসদ আন্দোলনে, নেতৃত্ব দিয়েছেন চলচ্চিত্র সমালোচনা ও চলচ্চিত্র গবেষণার মননশীল আন্দোলনেও। বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার প্রসারে আলমগীর কবিরই পথপ্রদর্শক ছিলেন। আলমগীর কবিরকে ঘিরেই শুরু হয় বাংলাদেশের বিকল্প চলচ্চিত্র আন্দোলনের বাতাবরণ।

চলচ্চিত্রাচার্য আলমগীর কবিরের ৩১তম প্রয়াণ দিবস উপলক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজন করেছে আলমগীর কবির স্মরণ ও আলোচনা অনুষ্ঠান। আলোচনার বিষয় আলমগীর কবিরের জীবন-কর্ম ও দর্শন। আয়োজনটি আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।