ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, অহেতুক কারো সমালোচনা না করে এলাকার উন্নয়নের দিকে নজর দিতে হবে। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি বানিয়ে সংসদে পাঠিয়েছে তাদের এলাকায় প্রকৃত উন্নয়ন পেতে, মুখের চাপাবাজি আর সমালোচনা করে সময় নষ্ট করার জন্য নয়। সুতরাং আসুন মিথ্যা সমালোচনায় লিপ্ত না হয়ে এলাকার উন্নয়নে সময়কে কাজে লাগাই। রবিবার দুপুরে ভাঙ্গা উপজেলার আজিমনগর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরপরই পার্শ্ববর্তী সুনামধন্য বিদ্যাপীঠ কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেন এমপি নিক্সন চৌধুরী। কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম সফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর প্রমুখ।
