গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি ফরহাদ হোসেন (৪২) নামে এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের টাকশালপাড়ায় এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন জন আহত হয়। পরে পুলিশ ছিনিয়ে নেওয়া আসামি ফরহাদ হোসেনসহ এই ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করে। আহত উপ-পরিদর্শক কৃষ্ণ চন্দ্র রায়, কনস্টেবল শফি মিয়া ও ডিএমপির পুলিশ কনস্টেবল ওমর ফারুককে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। আটককৃতরা হলো:আসামি ফরহাদ হোসেন, আফসার আলী (৪৫), আউয়াল মিয়া (২৩), আব্দুল গনি মিয়া (২৫) ও রফিক মিয়া (৫০)।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, ফরহাদের গ্রাম থেকে তাকে গ্রেফতার করে হাতকড়া পরানো হয়। এ সময় তার সহযোগীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ এসে পুনরায় অভিযান চালিয়ে হাতকড়াসহ ফরহাদকে গ্রেফতার করে। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় আরো তিন জনকে আটক করে পুলিশ। পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মতিউর রহমান জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ চন্দ্র রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
