ব্রিজ নির্মাণের দাবিতে টিলাই নদীর পাড়ে মানববন্ধন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩৪

দিনাজপুর অফিস

ব্রিজ নির্মাণের দাবিতে টিলাই নদীর পাড়ে মানববন্ধন করেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পশ্চিম দুধিপুকুর গ্রামের বাসিন্দারা।

রবিবার পশ্চিম দুধিপুর গ্রামের মো. ওয়াহেদুল মন্ডল, মো.মোকছেদুল মন্ডল ও মো. মামুনুর রশীদের নেতৃত্বে এ মানববন্ধন হয়। গ্রামবাসী মামুনুর রশিদ জানান, টিলাই নদীর পূর্ব ও পশ্চিম পাশের ১২টি গ্রামের মোট জনসংখ্যা ১৫ হাজারের মতো। নদীটির ওপরে স্থানীয় লোকজন বাঁশের সাঁকো তৈরি করে দীর্ঘদিন ধরে চলাচল করে আসছে। দুই ধারে কৃষি জমিগুলোর খাল খননের ফলে ভাঙার কবলে পড়বে বর্ষাকালে। এতে এলাকার বেশ কিছু আবাদি জমি টিলাই নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। ব্রিজ না থাকায় স্থানীয় জনসাধারণ চরম জনদুর্ভোগে রয়েছে। মানববন্ধনে ছিলেন ১২টি গ্রামের প্রায় ২ হাজার বাসিন্দা। তারা দ্রুত টিলাই নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবি জানান।