সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩৭

মদনে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

মদন (নেত্রকোনা) সংবাদদাতা  মদনে ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার জের ধরে রবিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন।  উপজেলার ফতেপুর পশ্চিমপাড়ায় শুক্রবার রাতে দুলু ও জালু পক্ষের লোকজনের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে ঐদিন পশ্চিমপাড়া শহু মিয়ার বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওসি মো. রমিজুল হক জানান, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অঞ্জলিকার বিশেষ কবিতা আড্ডা

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকার উদ্যোগে শনিবার সন্ধ্যায় বিশেষ কবিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে।  কবিতা আড্ডায় সভাপতিত্ব করেন অঞ্জলিকা সাহিত্যপত্র সম্পাদক বিশিষ্ট কবি দিলরুবা শাহাদত্। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অঞ্জলিকা সম্পাদকের ছোটো বোনের স্বামী যুক্তরাজ্য প্রবাসী লন্ডন আইকন টেকনোলজি ও ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেন ও ছোটো বোন জেসমিন ফৌজিয়া। স্বাগত বক্তব্য রাখেন শিল্পপতি মো. শাহাদত্ হোসেন ।

আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে বলরামপুর ইউনিয়ন পরিষদের আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ রবিবার অনুষ্ঠিত হয়েছে। বলরামপুর ইউপি মাঠে বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আইয়ুব মিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল হোসেন. আ. ছালাম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

হারিয়ে যাওয়া লোকজ গানসহ বিভিন্ন প্রতিযোগিতা

জয়পুরহাট প্রতিনিধি জেলা সদরের দূর্গাদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাওয়া লোকজ গানসহ বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে শনিবার দিনব্যাপী এর আয়োজন করা হয়।

খাদ্যগুদামে আমন চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা কালাইয়ের দুই খাদ্যগুদামে রবিবার আমন চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলার খাদ্যগুদাম প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ উপজেলার মোলামগাড়ীহাট খাদ্য ও কালাই খাদ্য গুদামে একযোগে আমন চাল সংগ্রহের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রেবেকা সুলতানা, কালাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আলমগীর, কালাই খাদ্য পরিদর্শক মাহফুজা শারমীন বিথী, কালাই সহকারী উপখাদ্য পরিদর্শক মো. এনামুল হক প্রমুখ।

জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের উপজেলা কমিটির সভা

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম উপজেলা কমিটির দ্বিমাসিক সমন্বয় সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, ঢাকার সহযোগিতায় উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বিনিময় ও বিগত সভার রেজুলেশন উপস্থাপন করেন মুরাদ হোসেন। মউকের সালিশবিষয়ক প্রোগ্রাম ম্যানেজার ফাহিমা খাতুনের সঞ্চালনায় গাংনী উপজেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর নবীর উদ্দীনের সভাপতিত্বে পর্যালোচনা করা হয়।

আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা নলছিটি উপজেলা আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা রবিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মোকছেদ আলী প্রমুখ। 

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালেয়ের শিক্ষকদের ছয় দিনব্যাপী ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ রবিবার শুরু হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে ও তাদের নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা রিসোর্স সেন্টারের ইনসট্রাক্টর বরুন কান্তি হালদার প্রশিক্ষণ উদ্বোধন করেন। এ সময় বিষয়ভিত্তিক এ প্রশিক্ষণের প্রশিক্ষক কে এম শফিকুল ইসলাম ও মিহির কুমার রায় উপস্থিত ছিলেন।

বিনা মূল্যে গাছের চারা বিতরণ

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা আদমদীঘিতে রবিবার সরকারিভাবে বিনা মূল্যে মালটা ও লেবু চাষের সার, ওষুধ ও চারা বিতরণ করা হয়েছে। আদমদীঘি উপজেলা কৃষি অফিসের মাধ্যমে উপজেলার ৩০ কৃষকের মধ্যে এগুলো বিতরণ করেন কৃষিবিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসাইন, কৃষি অফিসের সাইফুল ইসলাম প্রমুখ।

ডনোভান বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর জেলা সদরের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রবিবার অনুষ্ঠিত হয়েছে। দিনভর আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার খান। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অধ্যাপিকা সৈয়দা রোকেয়া বেগম ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জেরিন ফেরদৌস অ্যান্থনী।

ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের গৌরবের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে রবিবার শোভাযাত্রা বের করা হয়। বিদ্যালয় মাঠ থেকে হওয়া শোভাযাত্রায় বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা টিপু মুনিশ। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ। সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোজাম্মেল হক।

কাশিয়ানীতে প্রাইমারী সহকারী শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ)সংবাদদাতা কাশিয়ানীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কাশিয়ানী উপজেলার ৪০নং শিবপুর তিতাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলার ৭০নং শুক্তাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিবুর রহমান সভাপতি ও ১১নং সাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিহাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ৬নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মকিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গোপালগঞ্জ জেলার শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুন্সী হাদিসুর রহমান। সম্মেলনে বক্তব্য রাখেন, সম্মেলনের আহবায়ক মোঃ ইব্রাহিম মুন্সী, সাংবাদিক আহাদুল হাসান, শিক্ষক বুলবুল হোসেন, অসিম কুমার সাহা প্রমুখ।

 

 

০