সানিয়া মির্জার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের শুরুটা স্বপ্নের মতোই হয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনের প্রাক্কালে গত শনিবার ইউক্রেনের নাদিয়া কিচেনককে নিয়ে হোবার্ট ইন্টারন্যাশনাল টেনিসে চ্যাম্পিয়ন হন তিনি। ফাইনালে তারা ৬-৪, ৬-৪ গেমে হারান চীনের শাও পেং ও শুয়াই ঝ্যাং জুটিকে। সানিয়া মাঝে দুই মৌসুম খেলেননি। মূলত পুত্র ইজহানের জন্মের কারণেই তাকে কোর্ট ছেড়ে থাকতে হয়েছিল এতদিন। সে হিসেবে সানিয়ার ট্রফি জয় অনেককে পুলকিত ও বিস্মিত করেছে। ভারতীয় এই টেনিস তারকা সাম্প্রতিক বছরগুলোয় মূলত ডাবলসেই প্রসিদ্ধি অর্জন করেন। তার সর্বশেষ সাফল্য ছিল ২০০৭ সালে। সেবার ব্রিসবেন ইন্টারন্যাশনাল জিতেছিলেন তিনি।
