অস্ট্রেলিয়ান ওপেন শুরু আজ
স্পোর্টস ডেস্ক
দাবানলের কারণে সৃষ্ট সমস্যায় সারা দুনিয়ায় শিরোনাম হওয়া অস্ট্রেলিয়ায় বছরের প্রথম টেনিস গ্র্যান্ড স্ল্যাম আসর অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে আজ। বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা ও নোভাক জকোভিচের শিরোপা রক্ষার পাশাপাশি নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে টেনিস বিশ্বের সেরা খেলোয়াড়রাই এখন সেদেশে। এদের মধ্যে বাড়তি নজর কাড়বেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার।
নাওমি ও জকোভিচ উভয়েই এখন ভালো ফর্মে আছেন। সর্বশেষ ১৫ খেলায় ১৪টিতেই জিতেছেন নারী এককের শিরোপাধারী নাওমি। অপরদিকে রেকর্ড অষ্টমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ে দৃঢ়প্রতিজ্ঞ জকোভিচ মৌসুমের সূচনায় ৬-০তে এগিয়ে আছেন। এর মধ্যে আছে প্রথমবারের মতো আয়োজিত এটিপি কাপে তার দেশ সার্বিয়াকে ট্রফি জয়ের কৃতিত্বও।
সেরেনা উইলিয়ামসের জন্য এ আসরটিও হবে মার্গারেট কোর্টের রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্বের সমকক্ষ হওয়ার লড়াই। আমেরিকান সেরেনার এটি হবে রেকর্ডটির সমকক্ষ হওয়ার জন্য অষ্টম চেষ্টা। মার্গারেট ভিন্ন এক সময়ে শিরোপাগুলো জিতেছিলেন। বিশেষ করে তার জেতা ১৩টি শিরোপা ছিল গ্র্যান্ড স্ল্যামগুলো যখন কেবল পেশাদার খেলোয়াড়দের জন্য সীমাবদ্ধ করা হয়। নাদালের জন্য এবারের আসরটি হবে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের সমকক্ষ হওয়ার। পড়তি বেলায় থাকা এ দুইজনের দ্বৈরথই সাম্প্রতিক দশকে টেনিসকে মাতিয়ে রেখেছে। দুইজনের সেই দ্বৈরথ এবারের অজি ওপেনেরও আলোচ্য বিষয়।
ফেদেরার বলেছেন তার ধারণা ছিল নাদাল ও ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ এতদিনে তাকে ছাড়িয়ে যাবেন। এ নিয়ে তার কোনো দুঃখবোধ নেই বলেও জানিয়েছেন সুইস তারকাটি। নিউইয়র্ক টাইমস।
