হালান্ডের রাজসিক অভিষেক

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৪২

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে রেডবুল সালজবুর্গের হয়ে আট গোল করে আগমনী বার্তাটা আগেই জানান দিয়ে রেখেছিলেন আর্লিং ব্রাউট হালান্ড। এরপর পড়শী বরুসিয়া ডর্টমুন্ডে তার দলবদলটা হয়েছিল অনেকটা নিভৃতেই। তবে অভিষেকটা ঠিকই সরবেই করলেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। অগসবুর্গের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে করলেন অসামান্য এক হ্যাটট্রিক। পিছিয়ে থাকা বরুসিয়াও শেষমেশ জিতল ৫-৩ ব্যবধানে।

জানুয়ারির দলবদলে সালজবুর্গ থেকে ক্লাবে আসা হালান্ডকে প্রথমার্ধে মাঠেই আনেননি কোচ লুসিয়ান ফাভ্র। ৫৬ মিনিটে ডিফেন্ডার লুকাস পিসজেকের বদলে যখন মাঠে নামলেন, দল তখন ৩-১ গোলে পিছিয়ে। নেমেই খেলার মোড় ঘুরিয়ে দেন তরুণ এই ফরোয়ার্ড। মিনিট তিনেক পর ক্লাবের হয়ে প্রথমবার বলে পা ছুঁইয়েই পেয়ে যান গোল। ৬১ মিনিটে জ্যাডোন সাঞ্চোর গোলের পর ৭০ আর ৭৯ মিনিটে হালান্ড নিজের দ্বিতীয় ও তৃতীয় গোলটি করে বরুসিয়ার জয় নিশ্চিত করেন। অভিষেকেই এমন পারফরম্যান্সের পর হালান্ড জানালেন গোল করতেই এসেছেন বরুসিয়ায়। তিনি বলেন, ‘গোল করাই আমার কাজ, সেটা করতেই এখানে এসেছি আমি। অভিষেকটা ভালোই হলো আমার।’ তিনি আরো যোগ করেন, ‘এটা দারুণ। এমনটাই হওয়া উচিত। কয়েক সপ্তাহ হলো এখানে এসেছি এবং নতুন ক্লাবে আসাটা বিশেষ কিছুই। কিন্তু ইতিমধ্যেই যেভাবে দলের একটা অংশ হয়ে গেছি আমি, সেটা অবিশ্বাস্য। দলের ভেতরের পরিবেশটা অসাধারণ।’