কুমিল্লায় ৪৯তম শীতকালীন ক্রীড়া
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় অনুষ্ঠিত ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া আসরের অ্যাথলেটিক্সে বালক (বড়ো) গ্রুপের ১০০ মিটার স্প্রিন্টে নেত্রকোনার কেন্দুয়া সায়মা শাহজাহান একাডেমির ছাত্র মো. নাসিম স্বর্ণ পদক জিতেছে। ২০০ মিটার স্প্রিন্টেও স্বর্ণ জেতে নাসিম।
বালক (বড়ো) গ্রুপের ৪০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছে বান্দরবানের কোয়ান্টাম স্কুলের ছাত্র মোশারফ হোসেন। বালিকা (বড়ো) গ্রুপের ২০০ মিটার স্প্রিন্টে খুলনার ফাতেমা মেমোরিয়াল স্কুলের ছাত্রী সুমাইয়া আক্তার জয় করেছেন স্বর্ণ। বালিকা (বড়ো) গ্রুপের গোলক নিক্ষেপে স্বর্ণ জয় করেছে ঝিনাইদহের ফজর আলী বালিকা স্কুলের ছাত্রী জুয়ায়রিয়া ফেরদৌস। বালক (বড়ো) গ্রুপের উচ্চলাফে খুলনার টিআইসি স্কুলের ছাত্র মেহেদী হাসানও জিতেছে স্বর্ণ।
এদিকে গেমসগুলোর মধ্যে বালক গ্রুপের বাস্কেটবলে চট্টগ্রামের সেন্টপ্লাসিডস স্কুল ১০৫-৭৮ পয়েন্টে ঢাকার সেন্টগ্রেগরি স্কুলকে, বালিকা গ্রুপে কিশোরগঞ্জের আরজত আতরজান স্কুল ২০-১৩ পয়েন্টে বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলকে, ক্রিকেট বালক গ্রুপে রাজশাহীর দুর্গাপুর সরকারি পাইলট স্কুল ৫ উইকেটে পটুয়াখালী সরকারি জুবিলি স্কুলকে এবং বালিকা গ্রুপে ঢাকার গাজিরচর এ এম স্কুল ১০ উইকেটের ব্যবধানে কুমিল্লার সংরাইশ সালেহা বালিকা স্কুলকে, ভলিবল বালক গ্রুপে ময়মনসিংহের বেগুনবাড়ি স্কুল ২-০ সেটে পটুয়াখালীর নওমালা মাধ্যমিক স্কুলকে, বালিকা গ্রুপে কোয়ান্টাম কসমো স্কুল ২-১ সেটে যশোর আদর্শ বালিকা স্কুলকে, হকি বালক গ্রুপে কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ৪-০ গোলে সাতক্ষীরা পুলিশ লাইন স্কুলকে এবং দ্বিতীয় খেলায় রাজশাহীর শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল ৩-২ গোলে কিশোরগঞ্জের আরজত আতরজান স্কুলকে পরাজিত করে।
