প্রিমিয়ার লিগে ড্রয়ের ছড়াছড়ি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৪৩

স্পোর্টস ডেস্ক

শনিবার রাতে প্রিমিয়ার লিগে অনুষ্ঠিত আটটি ম্যাচের পাঁচটিই শেষ হয়েছে সমতায় থেকে। তিনটি ম্যাচে পয়েন্ট খুইয়েছে টটেনহ্যাম হটস্পার, ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল। বাকি তিন ম্যাচের একটিতে চেলসি হেরেই গেছে। শীর্ষ ছয়ে থাকা দলগুলোর মধ্যে কেবল উলভারহ্যাম্পটনই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

চোটের কারণে হ্যারি কেইনকে না পাওয়া টটেনহ্যাম ৭০ মিনিটে প্রতিপক্ষকে পেনাল্টিই উপহার দিয়ে বসেছিল। ট্রয় দিনির স্পটকিক পাওলো গাজ্জনিগা রুখে দিলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে কোচ হোসে মরিনহোর শিষ্যরা।

মরিনহো জানালেন, জয় প্রাপ্য থাকলেও হারলে সেটা দলের প্রতি অবিচারই হয়ে যেত। তিনি বলেন, ‘আমি মনে করি জয়টা প্রাপ্য ছিল আমাদের। তবে ম্যাচটা হেরে গেলে সেটা আমাদের ছেলেদের ওপর বেশি কঠোর ফলাফল হয়ে যেত। ফলাফলটা অন্যায্য, হারলে অবশ্য সেটা আরো অন্যায্য হয়ে যেত।’

ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে ৩৯ মিনিটে চেঙ্ক তোসুনের গোলে পিছিয়ে পড়ে। এরপর ৮০ আর ৮২ গোলে সার্জিও আগুয়েরোর জোড়াগোলে ভর করে জয়ের আশাই তৈরি করেছিল। তবে ৯০ মিনিটে ফার্নান্দিনহোর আত্মঘাতী গোল সে আশায় পানি ঢালে। ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগ শিরোপাধারীরা।

আর্সেনাল শনিবার নিজেদের মাঠে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ৪৫ মিনিটে করা গোলে এগিয়ে ছিল ম্যাচের শেষ ১০ মিনিট পর্যন্ত। ৮৩ মিনিটে শেফিল্ড ইউনাইটেড জন ফ্লেকের গোলে সমতা ফেরালে ১-১ ড্রয়ে বাধ্য হয় কোচ মিকেল আর্তেতার দল। এর ফলে চলতি মৌসুমে জয়ের অবস্থানে থেকে ১৩তম পয়েন্ট হারায় দলটি, প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে যা সর্বোচ্চ।

এদিকে নিউক্যাসলের মাঠে যোগ করা সময়ের গোলে কপাল পুড়েছে চেলসির। গোলশূন্য ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচের ৯৪ মিনিটে গোল করে নিউক্যাসলকে ১-০ ব্যবধানের জয়টি এনে দেন আইজ্যাক হেইডেন।

শীর্ষ ছয়ের আরেক দল উলভারহ্যাম্পটন সাউদাম্পটনের মাঠে ৩৫ মিনিটেই হজম করেছিল দুই গোল। তবে বিরতির পর পেদ্রো নেতোর গোল আর অধিনায়ক রাউল হিমেনেজের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ নুনো সান্তোর শিষ্যরা।