সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ
ইত্তেফাক রিপোর্ট
দেশের আটটি এসএমই ক্লাস্টারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে বেসরকারি ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ২০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। গত ১০ বছরের ধারাবাহিকতায় এবারও এই ঋণের বিপরীতে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ নিতে পারবে ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের সঙ্গে আলাদা ৩টি চুক্তি স্বাক্ষর করে এসএমই ফাউন্ডেশন। গতকাল রবিবার ফাউন্ডেশনের সভাকক্ষে ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন এসব চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের হোসিয়ারি ক্লাস্টারের উদ্যোক্তারা ঋণ পাবেন ৬ কোটি টাকা। পিরোজপুরের বলদিয়া এবং যশোরের নরেন্দ্রপুরের ক্রিকেট ব্যাট ক্লাস্টারের উদ্যোক্তারা ২ কোটি টাকা আর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ী, নোয়াখালী এবং ঢাকার চামড়াজাত পণ্য ক্লাস্টারের উদ্যোক্তারা পাবেন ১২ কোটি টাকা। প্রত্যেক উদ্যোক্তা সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। চলতি মূলধন, মূলধনি যন্ত্রপাতি ক্রয়, টেকনোলজি উন্নয়ন ও সিজনাল এই ঋণের মেয়াদ তিন বছর।
