অনিরাপদ হয়ে উঠেছে শ্রীপুরের কয়েকটি রাস্তা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২২:১৬

গাজীপুরের শ্রীপুর শিল্পাঞ্চল হওয়ায় এখানকার রাস্তাগুলো নতুন করে তৈরি করা হচ্ছে। আর তখনই রাস্তাগুলো হয়ে উঠছে মৃত্যুফাঁদ। ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে পশ্চিমে মাওনা হয়ে কালিয়াকৈর পর্যন্ত তেমনি একটি সড়ক। অনিরাপদ চলাচলের সবচেয়ে বড়ো কারণ হলো রাস্তাটিতে কোনো ফুটপাত নেই, নেই কোনো গতিরোধক। ফলে গাড়ি চালানোর সময় চালকরা যেমন গতির দিকে খেয়াল রাখেন না, তেমনি মানছেন না লেনও। দেখা যায়, বাজারে জ্যাম লেগে আছে আর কোনো মোটরসাইকেল দ্রুত বেগে চলে গেল মাঝখান দিয়ে। অথবা জনাকীর্ণ রাস্তায় যখন কোনো ট্রাক অটোগুলোকে ওভারটেক করছে, তখন সামনে থাকা অন্য গাড়ি আর আসতে পারছে না অথবা দুর্ঘটনা ঘটার অবস্থা সৃষ্টি হচ্ছে। তিনদিন আগে মাওনা জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এই রাস্তায় গাড়ির ওভারটেকের সময় অটোর সঙ্গে ধাক্কায়  মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মারা যান। গাড়ি চলাচলের সময় রাস্তাটিতে এক ইঞ্চি জায়গাও থাকে না হাঁটার জন্য! এ রাস্তায় মাওনা বাজারে জ্যাম ও দুর্ঘটনা কমানোর জন্য ট্রাফিক পুলিশ প্রয়োজন। প্রয়োজন বাজারগুলোর আগে ও পরে দাগাঙ্কিত স্পিডব্রেকার, ফুটপাত, লেন চিহ্নিতকরণ দাগ ও ড্রেনের কাভারিং সিস্টেম। মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের গতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন প্রশাসনিক তদারকি। ড্রাম ট্রাকের চলাচল স্কুল সময়ে বন্ধ করা যেতে পারে। পরিশেষে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন—আমাদের মাওনা কালিয়াকৈর সড়কটিতে চলাচলের নিরাপত্তার ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য।

সাঈদ চৌধুরী

শ্রীপুর, গাজীপুর